আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় সাইফুল ইসলামের সঙ্গে ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। এছাড়া পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ ও প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
ফরম সংগ্রহের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফুল ইসলাম নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘বর্তমানে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’’
এর আগে দিনের শুরুতে বিএনপির এই নেতা মধ্যযুগের প্রখ্যাত কবি হেয়াত মামুদ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ (রংপুর) 




















