সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনয়ন পেয়েছেন আজিজুল হক। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের জোয়াইরগাঁও গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র।
আজিজুল হক বর্তমানে এনপিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং দোয়ারাবাজার উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা রয়েছে।
মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজিজুল হক বলেন, ‘মানুষের ভালোবাসা আর বিশ্বাস নিয়েই আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি। এ মনোনয়ন আমার জন্য শুধু রাজনৈতিক দায়িত্ব নয়—এটা মানুষের প্রতি আমার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। ছাতক–দোয়ারাবাজারের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, সুশাসন প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নিতে চাই। দল যে বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছে, তা সম্মানের সঙ্গে পালন করব।’
তিনি আরও বলেন, ‘মানুষের সেবা আমার রাজনীতির মূল লক্ষ্য। বিভেদ নয়—ঐক্য, সততা ও উন্নয়নকে সামনে রেখে আমি কাজ করব। এ আসনের মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আজিজুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: 






















