চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে পরিচালিত হয়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানায়, এর আগে গত ২১ জুন একই ব্যাটালিয়ন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালিয়ে একজনকে আটকসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোহাঃ রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 





















