রংপুরের পীরগঞ্জে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম মন্ডল (সেবু) এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ পৌরসভার মন্ডলবাড়ী প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ডল বাড়ি প্রাঙ্গণ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে ওসমানপুর খিয়ারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আমিন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম মন্ডল (সেবু)।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক ও পীরগঞ্জ-৬ (রংপুর-২৪) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুনাইদ আহমেদ চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, আলেম-ওলামা, প্রশাসনিক কর্মকর্তা, শ্রমিক, দিনমজুর, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে পীরগঞ্জে উন্নয়নের নামে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ হয়েছে; সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।
প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জনগণ আমাকে জয়যুক্ত করলে কারো কাছে দৌড়াতে হবে না, আমি নিজেই আপনাদের পাশে আছি, ছিলামএবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ । রাস্তাঘাট, কর্মসংস্থান ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউকে ঘুষ দিতে হবে না। পীরগঞ্জের প্রতিটি মানুষই আমার কাছে একজন নেতা।”
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 





















