নওগাঁয় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূল হোতা শাহাজান (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহৃত ব্যবসায়ী আলমগীর হোসেনকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর সাভারের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহাজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। আর অপহৃত ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আ. রশিদের ছেলে।
র্যাব জানায়, আলমগীর হোসেন সম্প্রতি ঢাকায় আত্মীয়ের বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা আলমগীরের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে জানায়, তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় তাদের হেফাজতে আছেন। কিছু সময় পর ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে একই নম্বর থেকে আবার ফোন দিয়ে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আলমগীরকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ব্যবসায়ীর ছেলে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে র্যাব ও পুলিশের যৌথ গোয়েন্দা অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি দল সোমবার রাতে সাভারের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা শাহাজানকে গ্রেপ্তার করে এবং অপহৃত আলমগীর হোসেনকে উদ্ধার করে। গ্রেপ্তারের পর শাহাজানকে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নওগাঁ প্রতিনিধি 





















