মেহেরপুর সদর উপজেলার ফতেপুরে ট্রাকের ধাক্কায় ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমি মেহেরপুর শহরের কাসারিপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অমি মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন।
পথে ফতেপুর উত্তরপাড়ায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি 



















