চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে নাচোল উপজলোর মারকইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম সংঘর্ষে আহত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী- গত রোববার আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরেই আমিনুলের সমর্থকরা আজ সকালে তুহিন-খোকনের সমর্থকদের উপর হামলা করতে গেলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তুহিন-খোকনের সমর্থকরা বেশি আহত হয়েছেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
তবে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 























