রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞাত দুই দুর্বৃত্ত রিকশাচালককে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৭টা ২০ মিনিটে শ্যামলীর বাবর রোডের ১৯/৩, ব্লক-বি এলাকায় অবস্থিত “লাইফ কেয়ার মানসিক ও মাদকাসক্ত হাসপাতাল”-এর সামনে।
ভুক্তভোগী রিকশাচালক মোঃ রফিক জানান, তিনি যাত্রী ওঠানোর জন্য রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই অজ্ঞাত ব্যক্তি রিকশায় উঠে বসে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নিজেকে ইবনে সিনা হাসপাতালের সামনে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এসময় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মিশুক অটোরিকশাটি ছিনতাই হয়ে যায়।
ঘটনার পর রফিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া ফুটেজ দেওয়া হবে না।
রিকশাচালক রফিক জানান, “আমি গরীব মানুষ। এই রিকশা চালিয়ে সংসার চলে। যদি রিকশা ফেরত না পাই তবে পথে বসতে হবে।” তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত রিকশাটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হতে পারে।
পুলিশ বলছে, অভিযোগ তদন্তাধীন রয়েছে।
মো:সাফায়ত হোসেন, স্টাফ রিপোর্টার 



















