শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধারসহ মো. রুহুল আমিন (৪৬) নামে এক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আটক রুহুল আমিনের বাড়িসহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা ওই সব ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
আটক রুহুল আমিন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে পুলিশ জানায়, নালিতাবাড়ী দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই চিনি বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও নালিতাবাড়ী থানা পুলিশ। পরে চিনি চোরাচালানের সঙ্গে জড়িত রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় থাকা গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। সেইসঙ্গে গ্রেফতার করা হয় রুহুল আমিনকে। উদ্ধারকৃত চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। আমরা গ্রেফতার রুহুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি। আশা করছি তার মাধ্যমে আমরা আরও তথ্য পাব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে হালুয়াঘাটের সীমান্ত দিয়ে। তবে শেরপুরকে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে (শেরপুর সীমান্তকে) ভারতীয় চিনির স্টোর প্লেস হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















