ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ এম.ভি সুরভী-৮ চরফ্যাশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম. ভি টিপু-১৪ লঞ্চের সাথে মারাত্মক সংঘর্ষ হয়েছে। এতে করে সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যাত্রী।
সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হরিনাম এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে টিপু ১৪-লঞ্চে থাকা কয়েকজন যাত্রীর কাছ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
দুর্ঘটনা কবলিত লঞ্চে থাকা যাত্রীরা আরো জানান নিহত সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলি ফরাজি বাড়ির বাসিন্দা সেলিম ফরাজির ছেলে ও স্থানীয় ইউপি সদস্য নুরে আলম মেম্বারের ভাতিজা।
ঘন কুয়াশার কারনে লঞ্চ দুটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।
অন্যদিকে টিপু ১৪-লঞ্চের ইনচার্জের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 






















