চনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক জন সক্রিয় জঙ্গি সদস্যকে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এসময় তাদের কাছ থেকে মোবাইল, কম্পিউটার, হার্ডডিস্ক, পাসপোর্ট, ১৬ টি ডিভাইজ ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করেছে। এছাড়া রাজধানীতে অপর একটি অভিযানে মোবাইল ফোন চুরি, আইএমইআই নাম্বার পরিবর্তন করে চোরাই ফোন বিক্রয়ের সাথে জড়িত চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করে এটিইউ’র সদস্যরা।
এটিইউ পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জঙ্গি সদস্যদের নাম মোহাম্মদ আরিফ (২৩)। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ফেকামারা গ্রামের মোঃ হানিফের পুত্র। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করছিল আরিফ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টার রাজধানীর বারিধারা সোহরাওয়ার্দী এভিনিউ ব্লক – কে, বাড়ি – ৩৫, (মিডিয়া) কনফারেন্স রুম অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্হা’টির পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন। এসময় পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম)মেরিন সুলতানা, অ্যাডিশনাল (এসপি) আখিউল ইসলামসহ অন্যান্য উধর্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের একটি দল গতকাল বুধবার সন্ধ্যা রাতে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় সদস্য মোহাম্মদ আরিফ (২৩)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকালে তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, একটি কম্পিউটার সিপিইউ, ১ টি হার্ডডিস্ক ড্রাইভ, ১ টি পাসপোর্ট ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আরিফ কথিত ইসলামী বক্তা জসীম উদ্দিন রাহমানি, তামিম আল-আদনানীদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে “আনসারুল্লাহ বাংলা টিম”র সক্রিয় সমর্থক ও সদস্য হয়।
পরবর্তীতে এ জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার পর গ্রেফতারকৃত মোহাম্মদ আরিফ তার বর্তমান ঠিকানা টঙ্গী বাজার চেয়ারম্যান বাড়ি এলাকায় গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, “আনসারুল্লাহ বাংলা টিম”র সদস্য মোহাম্মদ আরিফ গ্রেফতারের পূর্ব পর্যন্ত সংগঠনের সদস্য সংগ্রহ ও সংগঠিত করার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিল।
তিনি জানান, আটককৃত আসামী মোহাম্মদ আরিফ (২৩) ও পলাতক আসামী ইয়াকুব হুজুর, ওমর ফারুক ও জাহাদ খানসহ তাদের অজ্ঞাতনামা সহযোগী আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে টঙ্গি পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাহিদা আক্তার পপি, বিশেষ প্রতিনিধি 



















