কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ দুটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
রোববার (২৯ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ২৮ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর পোস্টের সদস্যরা লক্ষ্মীপুর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেন। জব্দ করা ইয়াবার সিজার মূল্য ৩১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ২৯ নভেম্বর ভোর ৫টায় ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিপাড়া এলাকায় কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেন। এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আন্তসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা প্রতিনিধি 




















