নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশের কার্যালয়ে বিদায়ী ও নবাগত পুলিশ সুপারের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কর্মকালীন সময়ে নওগাঁ জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কর্মময় অবদান নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমে স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, নবাগত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পেশাদারত্ব, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে—এমন প্রত্যাশা নওগাঁবাসীর।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 






















