বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রাখা হয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়। সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা মোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুত করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
সেক্টর কমান্ডার বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
শফিকুল ইসলাম-লামা, বান্দরবান প্রতিনিধি 





















