চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। প্রায় ১০ মিনিটের ফোনালাপে রায়হানকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান মো. তারেক আজিজ। কিন্তু এই আহ্বানে রাজি না হয়ে উল্টো তাকে চ্যালেঞ্জ করে রায়হান বলেন, পুলিশ তাকে খুঁজে পাবে না।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা রায়হানকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, রায়হানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না। তবে রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি; বরং নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’
জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তাঁর রয়েছে। তবে আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তাঁর ভাষ্য, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এরপর তাঁকে নিয়ে ঝামেলা তৈরি হয়। তাঁর কাছ থেকে তাঁর ভাই সব অস্ত্র নিয়ে নেন।
কথোপকথনে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে আত্মবিশ্বাস দেখান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাঁকে খুঁজে পাবে না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার কথাও পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি।
একপর্যায়ে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি ‘হাওয়া হয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন। ফোনালাপে তাঁকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় পুলিশ কর্মকর্তার পরিবারের খোঁজখবরও নেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















