সৌদি প্রো লিগে প্রথমবারের মতো টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আল নাসরের হয়ে তৃতীয়বার পেনাল্টিতে সফল হয়েছেন তিনি। তার দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে ২-১ গোলে হারিয়েছে।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে ৯৮৭তম গোল করলেন। নিজের নির্ধারিত হাজারতম গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ১৩ গোল দূরে রয়েছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন রোনালদো।
আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে স্পটকিক থেকে রোনালদোর গোলে লিড পায় আল নাসর। এটি পেনাল্টি থেকে তার ক্যারিয়ারের ১৯৫তম গোল, যা সর্বোচ্চ। পেনাল্টি থেকে সর্বাধিক গোল মিসের রেকর্ডটিও রোনালদোর দখলে। এ পর্যন্ত ৪০ বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন এবং মিস করেছেন ৩৭টি।
এদিকে, পিছিয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই আল সাদকে সমতায় ফেরান মোহাম্মেদ ওয়াদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেছিলেন, তবে ভিএআরের মাধ্যমে সেটিকে অফসাইড ঘোষণা করা হয়। প্রথমার্ধের স্টপেজ টাইমে লাল কার্ড দেখেন আল সাদকে সমতায় ফেরানো ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।
৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।
এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ওয়েস্টার্ন লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬টি করে দল নিয়ে গঠিত দুটি লিগের শীর্ষ আটটি দল রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করবে।
ক্রীড়া ডেস্ক 
























