রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয়। এ কারণে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়।
তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
এ সময় তিনি আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 




















