আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোড়ে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আগে একটি স্লোগান ছিল—‘এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ’। বহু বছর ধরে দেশজুড়ে জ্বালাও-পোড়াও করেছে আওয়ামী লীগ। লগি-বৈঠার রাজনীতি ও পেট্রোল বোমার রাজনীতির কারণেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করেছিলেন। নিজেরাই মানুষ পোড়াত, নিজেরাই বার্ন ইনস্টিটিউটে পাঠাত, আবার নিজেরাই ক্যামেরা পাঠিয়ে ভিডিও করত।
তিনি বলেন, আগে নিপীড়িত মানুষের আরও একটি স্লোগান ছিল, ‘হাসিনারে হাসিনা, তোর কথায় নাচি না’। বাংলাদেশের মানুষ আর তাঁদের কথায় নাচবে না। বাংলাদেশের জনগণ আজ গণতন্ত্রের পথে হাঁটছে, উন্নয়ন ও শান্তির পথে হাঁটছে।
শামা ওবায়েদ বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাঁদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।
এ সময় তিনি পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব তাঁদের।
নিজস্ব প্রতিবেদক 






















