লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের নামে আগামী ২১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ নির্বাচনে আমিনিয়া জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীদেরও অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, পৃথক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান থাকা সত্ত্বেও দুটি মার্কেটের ব্যবসায়ীদের একই সংগঠনের আওতায় এনে একসঙ্গে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুটি মার্কেটের স্বতন্ত্র পরিচয় ও সাংগঠনিক অবস্থান কতটুকু বজায় থাকবে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রশ্ন, দুটি মার্কেটের পরিচয়, ব্যবসায়ী সংগঠন এবং ব্যবস্থাপনা যদি পৃথক হয়ে থাকে, তাহলে একই নামে ও একই প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা কী? এ সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতামত কীভাবে নেওয়া হয়েছে, তা নিয়েও স্পষ্টতা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
তাদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি, মতবিরোধ কিংবা অসন্তোষ তৈরি হওয়া উচিত নয়। তাই নির্বাচনের আগেই বিষয়টি পরিষ্কার করা এবং সংশ্লিষ্ট সব ব্যবসায়ীর মতামত ও সম্মতির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি ও রোজা নির্বাচন কমিশনার মাওলানা ও আব্দুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমিনিয়া জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন এবং ‘ব্যবসায়ী কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ নিউ মার্কেট’ নামে নির্বাচন করার পক্ষে তাঁরা একমত হয়েছেন। তবে আমিনিয়া জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা মৌখিকভাবে একমত হয়েছেন বলে জানা গেছে।
তবে দুটি মার্কেটের পৃথক পরিচয় থাকা সত্ত্বেও একই নামে নির্বাচন আয়োজনের সাংগঠনিক ও প্রশাসনিক ভিত্তি কী, সে বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
হুমায়ুন কবির 




















