একটি মানুষের স্বপ্ন কখনো কখনো তার জন্মভূমির সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় পৃথিবীর নানা প্রান্তে। মেধা, অধ্যবসায়, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত জনপদ থেকেও যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা যায়, তারই এক অনুপ্রেরণীয় উদাহরণ ড. ইন্দ্রজিৎ রায়।
১৯৫৭ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রামলাল রায় এবং মাতা হরিদাসী রায়। হাওরবেষ্টিত মোহনগঞ্জের মাটিতেই তাঁর বেড়ে ওঠা, আর এখান থেকেই শুরু হয় জ্ঞান অর্জনের এক অসাধারণ অভিযাত্রা।
মোহনগঞ্জ পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। এরপর মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে অধ্যয়নকালে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। ১৯৭২ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে ১৯৭৪ সালে কৃতিত্বের সঙ্গে আইএসসি সম্পন্ন করেন।
শুধু পাঠ্যবইয়ের মেধায় নয়, ছাত্রজীবন থেকেই তাঁর সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দক্ষতা ছিল প্রশংসনীয়। শিক্ষকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে তুলে দিতে দ্বিধা করতেন না। কারণ তাঁরা জানতেন, ইন্দ্রজিৎকে যে দায়িত্ব দেওয়া হবে, তিনি তা নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে সম্পন্ন করবেন।
স্বপ্নের পথে নিজের পছন্দকে প্রাধান্য
আইএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স বিভাগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তির সুযোগ লাভ করেন। কিন্তু ছোটবেলা থেকেই কৃষির প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ ও ভালোবাসা। তাই প্রচলিত আকর্ষণীয় সুযোগের চেয়ে নিজের ভালো লাগা ও ভবিষ্যৎ লক্ষ্যকে গুরুত্ব দিয়ে কৃষিশিক্ষাকেই বেছে নেন।
এক বছর ময়মনসিংহে কৃষিশিক্ষা গ্রহণের পর তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্বের পাঁচটি দেশে সরকারি বৃত্তির জন্য আবেদন করেন। অবশেষে ১৯৭৬ সালে সরকারি বৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) পাড়ি জমান।
রাশিয়ার ক্রাসনোদার শহরে অবস্থিত কুবান এগ্রেরিয়ান ইনস্টিটিউটে কৃষি অনুষদে ভর্তি হন তিনি। বিদেশের ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়। দীর্ঘ অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে সেখান থেকে বিএসসি (এজি) অনার্স, এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রায় দশ বছরের উচ্চশিক্ষার অধ্যায় শেষ করে ১৯৮৬ সালে দেশে ফিরে আসেন।
কৃষি তাঁর কাছে শুধু একটি পেশা নয়, বরং ভালোবাসা ও দায়বদ্ধতার জায়গা। কৃষক, কৃষিজমি আর মাটির প্রতি গভীর টান থেকেই তিনি উপলব্ধি করেছিলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নিজের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন দেশের কৃষির অগ্রগতিতে। তাঁর চিন্তায় ছিল কৃষকের মুখে হাসি ফোটানো, কৃষিকে আরও সমৃদ্ধ ও আধুনিক করা। তিনি বিশ্বাস করতেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ। ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে দেশের কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করাই হয়ে ওঠে তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। সত্যিকার অর্থেই, কৃষির প্রতি তাঁর এই ভালোবাসা তাঁকে দিয়েছে এক অনন্য পরিচয়। তিনি শুধু কৃষিকে ভালোবাসেননি, কৃষির উন্নয়নে নিজের অবদান রাখার চেষ্টা করেছেন।
বিদেশের উচ্চশিক্ষা শেষে তিনি নিজের অর্জিত জ্ঞান দেশের কৃষি উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), ফার্মগেট, ঢাকায় সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগদান করেন। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার পদে উন্নীত হন।
বাংলাদেশে কৃষিবিষয়ক গবেষণা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে দীর্ঘ ১৪ বছর কাজ করেন তিনি। তাঁর এই কর্মজীবন ছিল দেশের কৃষি গবেষণার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
২০০১ সালে ছেলের উন্নত চিকিৎসার প্রয়োজনে পরিবারসহ কানাডায় পাড়ি জমান তিনি। জীবনের এই পরিবর্তন তাঁর পেশাগত অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারেনি। বরং নতুন দেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।
কানাডিয়ান বায়োডাইভার্সিটি ইনস্টিটিউটে সিনিয়র গবেষক হিসেবে কাজ করার সুযোগ পান। পরবর্তী সময়ে আন্তর্জাতিক কৃষি ও উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। বর্তমানে FAO, IRRI-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে কৃষিবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে পরামর্শক হিসেবে কাজ করছেন।
দেশে কৃষি গবেষণায় দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে কানাডাসহ আন্তর্জাতিক অঙ্গনে গবেষক ও পরামর্শক হিসেবে কাজ করার এই দীর্ঘ পথচলা নিঃসন্দেহে গর্বের।
মেধা কখনো ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। প্রয়োজন নিজের আগ্রহকে চিনতে পারা, লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যে অবিচল থাকা। তিনি শুধু নিজের জন্য একটি সফল অবস্থান তৈরি করেননি, বরং প্রমাণ করেছেন, হাওরপাড়ের একটি ছোট জনপদ থেকেও বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার জগতে পৌঁছানো সম্ভব।
ড. ইন্দ্রজিৎ রায়ের এই পথচলা আগামী প্রজন্মের কাছে হয়ে থাকুক স্বপ্ন দেখার, সাহস করার এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল প্রেরণা।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ-স্টাফ রিপোর্টার 



















