ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় পিতা-পুত্র ও পুত্রবধূসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন কেরামত আলীর ছেলে ছলেমান বয়াতি, ছলেমানের ছেলে আব্বাস আলী এবং তাঁর পুত্রবধূ রূপবান। তাঁদের মধ্যে ছলেমান বয়াতি ও রূপবানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন ছলেমান বয়াতির পরিবারের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন একই এলাকার রবিআলমের ছেলে সাকিল, রত্তনের ছেলে মনজু, বশিরের ছেলে মামুন ও মমিন, রফিকের ছেলে ছালাউদ্দিন এবং হেজনের ছেলে আব্বাসসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ছলেমান বয়াতি, আব্বাস আলী ও রূপবানকে গুরুতর আহত করেন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে ছলেমান বয়াতি ও রূপবানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক জমি দখল ও লুটপাটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিয়াজ ফরাজী-নিজস্ব প্রতিবেদক 



















