ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতের শিকার হওয়ার পর গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রাবেয়া আক্তার (২৪) ও স্ত্রী নূরজাহান বেগমকে (৪৮) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গাজী খোরশেদ আলম ওই এলাকার মৃত মুর্তজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাবেয়া আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়, টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে বাবা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাবেয়া আক্তার তাঁর বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
পরে বাবাকে চিকিৎসার জন্য কসবা আল-নূর প্রাইভেট হাসপাতালে নিয়ে যান মেয়ে রাবেয়া আক্তার। সেখানে চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এর কিছুক্ষণ পর খোরশেদ আলমকে বাড়ির পাশের খালের কাছে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর স্ত্রী নূরজাহান বেগম তাঁকে বাড়িতে নিয়ে আসতে গেলে শরীর থেকে বিষাক্ত পদার্থের গন্ধ পান বলে জানা গেছে।
পরে তাঁকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে রাবেয়া আক্তার ও স্ত্রী নূরজাহান বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং খোরশেদ আলমের মৃত্যুর পেছনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ শিরোনাম ::
কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক
-
মোরশেদ আলম, কসবা প্রতিনিধি - আপডেট সময় ০৫:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ৫১০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















