কিশোরগঞ্জের ভৈরবে জে.আই. ইমপেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)।
গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের পশ্চিম বাজার এলাকার জে.আই. ইমপেক্স লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা (পূর্ব) কমিশনারের নির্দেশে যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল অভিযানে অংশ নেয়।
অভিযান শেষে মূসক ১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক নথি জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১২টি ক্লিপ ফাইল, বিভিন্ন বাণিজ্যিক দলিলের পাঁচ বান্ডেল ৯৮টি নথি, ২২টি প্লাস্টিক ফোল্ডার এবং একটি সিপিইউ।
এ ছাড়া চারটি টালি খাতা, চারটি রেজিস্টার, ট্রাক ভাড়া সংক্রান্ত একটি বান্ডেল নথি, দুটি মেমো ফাইল, ট্রাকচালকদের খরচের বিবরণীর ১০ বান্ডেল এবং প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বাক্ষরযুক্ত কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিল জব্দ করা হয়।
পরে জব্দ করা দলিলাদি পর্যালোচনা করে ২০২৩ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার ও নথি পাওয়া যায়। এসব নথিতে কাঁচা চালান ও বিক্রয়ের তথ্য ছিল।
ভ্যাট বিভাগের যাচাই-বাছাইয়ে ওই নথিপত্রে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা বিক্রয়ের তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















