মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল (বোবারথল) সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার গান্ধাইল (বোবারথল) সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গান্ধাইল সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে।
পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন-গান্ধাইল গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন।
অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: 
















