বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুর এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গতানুগতিক শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সেক্ষেত্রে চাকরির বাজারে যে বিষয়ে চাহিদা আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নূর আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিগগিরই সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ছে। ইতোমধ্যে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন সংসদে পাস হয়েছে। সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছে।
এরপর প্রতিমন্ত্রী ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার আয়োজনে নবীনবরন অনুষ্ঠানে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক 






















