প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ১৮০ দিনে আমাদের বিরুদ্ধে অপতথ্য প্রচারিত হয়েছে বড় ধরনের ৪৬৪টি। এর মধ্যে ১৫৭টি হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যতগুলো হয়েছে, এর মধ্যে বেশ ওপরের দিকে আমার অবস্থানও আছে।
রবিবার সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, আমি এটা বলতে চাইছি, এই সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুবই উদার আছে, উদার থাকবে। একটা গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের ব্যাপারে উদার থাকাটাই স্বাভাবিক। মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার- যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনো লাভ নেই।
ডা. জাহেদ আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে আমরা সালামকে স্মরণ করব এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই- আমি ৫ আগস্টের একটা অনুষ্ঠানে এই কথা বলছিলাম, বাংলাদেশে আরেকটা এরকম গণঅভ্যুত্থান হোক, এটা আমরা কেউ চাই না। বাংলাদেশে আর একজন সাইদ, একজন মুগ্ধ, একজন ওয়াসিম তৈরি হোক- আমরা সম্মান করি, কিন্তু আর চাই না। তার মানে হলো এটা বাংলাদেশ ভবিষ্যতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে নির্বাচনের মাধ্যমে যেকোনো সরকার পরিবর্তিত হবে।
নিজস্ব প্রতিবেদক 




















