কমলনগরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান।
ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চক্ষু রোগীদের চশমা দেওয়া হয়।
হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান, স্থানীয় সংসদ সদস্য এবিএম নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। এ ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
মোঃ নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 





















