শ্রীপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল।
পরিকল্পনায় দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবামুখী পৌরসভা গঠন, শ্রীপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্ক স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া মাদকমুক্ত পৌরসভা গঠন, আধুনিক পৌর পাঠাগার নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ মোড়ে লাইটিং ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ, নিরপেক্ষ শালিশের মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং হতদরিদ্র, অসহায়, এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র নারীদের জন্য মাতৃত্বকালীন মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা গ্রহণের কথাও পরিকল্পনায় রয়েছে।
আবুল মনসুর মন্ডল বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করতে চাই।
তার এ ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়িত হলে শ্রীপুর পৌর এলাকার নাগরিক সেবার মান বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসেবার সম্প্রসারণ এবং নাগরিক নিরাপত্তা জোরদারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি 



















