কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) অপু বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রাসেল (৩০)কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে এসআই (নিঃ) পাভেল মল্লিকের নেতৃত্বে বরকামতা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী মো. শরীফ (২২) ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের সাজা দেওয়া হয়।
এসআই (নিঃ) তানভীর হাসানের নেতৃত্বে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল (২২) ও মো. নাহিদ (১৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিল্লালকে ১৫ দিন এবং নাহিদকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়।
এছাড়া দেবিদ্বারের ভিংলাবাড়ী এলাকায় এএসআই (নিঃ) শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (১৮) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে পাঁচ দিনের সাজা দেওয়া হয়।
অপরদিকে এএসআই (নিঃ) বাকের হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাবেদ (৩৬)কে গ্রেপ্তার করে। পরে সামারি ট্রায়ালের নিমিত্তে প্রতিবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে৷ দোষীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 


















