কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সুমন তালুকদারের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল্লাহ মাসুদ, এসআই (নিরস্ত্র) আব্বাস কবির, এএসআই (নিঃ) মহসিন আলম, এএসআই (নিঃ) তানজিদ, এএসআই (নিঃ) কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ধামঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোঃ আদু মিয়া ওরফে আদম (৩২), মোঃ সিয়াম (২০) ও মোঃ মহসিন (২১)কে আদালতে পাঠানো হলে মাদক সেবনের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া মোঃ সায়েম (২০), জামাল হোসেন (৪৫), মোঃ ইউসুফ (২০), মোঃ আবুল কালাম টিটু (৫১), মোঃ মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)কে বুধবার আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, ৯ জনকে মাদক সেবনের অভিযোগে আদালতে পাঠানো হচ্ছে এবং মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিজানুর রহমান কুমিল্লা উত্তর 



















