রংপুরের গংগাচড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রায়হান সিরাজী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের অধিকার, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, সেক্রেটারি সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব গংগাচড়ার সভাপতি আব্দুল মজিদ। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় গংগাচড়ার সার্বিক উন্নয়ন, সাংবাদিকতার বিভিন্ন দিক এবং স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
মেহেদী হাসান হৃদয় গংগাচড়া রংপুর 



















