যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ূন তালুকদার নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হুমায়ূন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং উপজেলার গোড়াই ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ূন তালুকদার কালো তালিকায় (ব্ল্যাক লিস্ট) অন্তর্ভুক্ত রয়েছেন। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। তবে স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীর তালিকা ইমিগ্রেশনে নেই। কিছু গ্রেপ্তার হলেও বিভিন্ন কৌশলে অনেকেই পালিয়ে যাচ্ছেন। এতে একটি চক্র সহযোগিতা করছে। চক্রের সদস্যরা পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক 























