“আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।”
শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের (পিআইও) আওতায় সদ্য নির্মিত সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে স্থানীয় মানুষের প্রয়োজন ও এলাকার উন্নয়নে কাজ করার আন্তরিকতা রয়েছে। তবে উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যমান বরাদ্দের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। চলতি বছরে সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। আগামী বছর আরও দৃশ্যমান ও দৃষ্টিনন্দন উন্নয়নকাজ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর সড়ক পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে এসব সড়ক স্থানীয় জনগণের চলাচল ও আর্থসামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোঃ শাহ্ আলম, শেরপুর প্রতিনিধি 





















