নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনা ঘটে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধু মুনিরা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সাথে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
এরই সুত্রে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে মুনিরার সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফরহাদ হোসেন তার স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করেন।
পরে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুত্বর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ 




















