ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে একটি পিকআপ ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর-কদমতলী থেকে সৈয়দাবাদ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপে তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সময় পিকআপচালক মো. শাকিল (৩০), পিতা মো. শফিক, গ্রাম কালতা দিঘীরপাড়, কায়েমপুর ইউনিয়ন, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়াকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, কসবায় সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান।
কসবা প্রতিনিধি: মোরশেদ আলম 






















