ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ একই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল প্রায় ৯টায় ফরিদপুর সদর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে জমি মাপার বিষয়ে স্থানীয়দের দাওয়াত দেওয়ার সময় মোহাম্মদ ইউসুফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং তার মাথায় গুরুতর আঘাত করে।
ইউসুফ মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছোট ছেলে মো. মাফিকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মাহাবুব মিয়ার ওপরও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। হামলায় তাকে গুরুতরভাবে মারধর করা হয় এবং তার হাত-পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া ইউসুফ মিয়ার স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে ঋতুকেও এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মাজেদ মিয়া (পিতা: নুরুজ্জামান), হাসেম মিয়া (পিতা: নুরুজ্জামান), সাব্বির মিয়া (পিতা: মাজেদ মিয়া), নাজিম মিয়া (পিতা: মাজেদ মিয়া) এবং কালাম মিয়া (পিতা: নুরুজ্জামান)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।
শেখ ফয়েজ আহমেদ-ফরিদপুর প্রতিনিধি 






















