সাম্প্রতিক বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করা মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারের সদস্যসহ মোট ১৪ জনের জন্য বিএনএসবি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৬) মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল চিকিৎসাধীনদের দেখতে বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের হাতে নতুন পোশাক তুলে দেন। তিনি বলেন, “এই অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া হাওরসংলগ্ন দক্ষিণ ইসলামপুর গ্রামের ওই পরিবারের ১১ জন সদস্য জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। সাম্প্রতিক বন্যায় চারদিকে পানি থাকায় পরিবারটি দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটায়। জীবিকার কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় তারা সম্পূর্ণভাবে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
পরিবারটির করুণ পরিস্থিতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষ ও পাঁচটি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। সেই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মো. হাসান আহমেদ ইয়ামিন 






















