মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেনের বাস্তবায়নে সীমান্তবর্তী ০৪ নং উত্তর শাহবাজপুরের পাল্লাথল বনশ্রী আশ্রয় প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইলচেয়ার এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।
পৃথক দুটি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নছিব আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, ইকবাল হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিল আহমদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা।
আজাদ বাহার জামালী , বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 
























