আকাশ আহমেদ তারা। কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের আন্দার মানিক পূর্বপাড়া লিবাস গেট সংলগ্ন এলাকায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত জাহিদ ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই এলাকাবাসী পুলিশকে জানালে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, জাহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অনৈতিক আচরণের অভিযোগ ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রতিনিধি 



















