রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। সেখানে তার বিরুদ্ধে হাত দিয়ে মুখ ঢেকে রেখে প্রতিপক্ষ ফুটবলারকে গালি দেওয়ার অভিযোগ উঠে। পরে জানা যায়, গালি নয় ভিনির প্রতি ‘বৈষম্যমূলক’ এবং ‘হোমোফোবিক’ আচরণ করায় ৬ ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। যার সূত্র ধরে লাল কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে।
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঝে বাদানুবাদের সময় মুখ ঢেকে রাখলে কিংবা প্রতিবাদন জানিয়ে মাঠ থেকে উঠে গেলে রেফারি লাল কার্ডের সিদ্ধান্ত নিতে পারবেন। এই বিষয়ে আগেই প্রস্তাব করেছিল ফিফা, গতকাল (মঙ্গলবার) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার সভায় তার অনুমোদন দিয়েছে আইএফএবি। রয়টার্স বলছে, আসন্ন বিশ্বকাপ দিয়ে লাল কার্ডের নতুন নিয়ম কার্যকর হতে পারে।
এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইএফএবি জানিয়েছে, ‘গত ফেব্রুয়ারিতে আইএফএবি’র বার্ষিক সাধারণ সভায় সকল প্রধান অংশীজনের সঙ্গে ফিফার পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টুর্নামেন্ট আয়োজকদের বিবেচনায় কোনো খেলোয়াড় বিবাদের সময় মুখ ঢেকে রাখলে লাল কার্ডের মাধ্যমে নিষেধাজ্ঞায় পড়তে পারেন। নতুন এই নিয়ম সেসব দলীয় কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেবেন। যে দলের কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হবে, নীতিগতভাবে সেই দল ম্যাচটি হারবে।’
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও মুখ ঢেকে তর্ক করার ক্ষেত্রে লাল কার্ড প্রয়োগের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। সেটাই এবার নিয়ম হিসেবে সামনে আসতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ প্রথম লেগের ম্যাচে। রিয়াল মাদ্রিদের ১-০ ব্যবধানে জয়ের সেই ম্যাচে ভিনিসিয়ুস গোল করার কিছুক্ষণ পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রেস্তিয়ানি তার জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন, যা ভিনিসিয়ুস এবং তার সতীর্থরা ‘বর্ণবাদী গালি’ হিসেবে শনাক্ত করেন। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, খেলা ১১ মিনিট বন্ধ রাখতে হয়।
প্রেস্তিয়ানি অবশ্য শুরু থেকেই বর্ণবাদী মন্তব্যের অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভিনিসিয়ুস তার কথা ভুল শুনেছেন। অন্যদিকে, রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি জানিয়েছেন, প্রেস্তিয়ানি তাকে বলেছিলেন তিনি ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকেননি, বরং একটি ‘হোমোফোবিক’ শব্দ ব্যবহার করেছেন। পরে উয়েফার তদন্তে তার আচরণ বৈষম্যমূলক হিসেবেই প্রমাণিত হয়েছে এবং সেই আলোকেই দেওয়া হয় ৬ ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ।

এদিকে, ম্যাচের মাঝে খেলোয়াড়দের মাঠ ছেড়ে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব (আফকন) ফাইনালের দিন। মরক্কোর বিপক্ষে সেই রোমাঞ্চকর ম্যাচে রেফারির দেওয়া পেনাল্টি সিদ্ধান্ত মানতে না পেরে সেনেগালের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর নাটকীয়ভাবে একমাত্র গোলে জয় পেয়ে শিরোপা জেতে সাদিও মানের দল। কিন্তু দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল পূর্বের ফল পাল্টে সেনেগালের শাস্তি হিসেবে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। যা এখন আপিলে আটকে আছে। তবে ওই ঘটনায় মাঠ ছেড়ে উঠে যাওয়া নিয়ে কঠোর শাস্তির ইঙ্গিত দিয়েছিলেন ফিফা সভাপতি।
স্পোর্টস ডেস্ক 






















