রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ মার্চ) বেলা ১১টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার এবং পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাসুদ রানা।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং ক্ষমতায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, নারীদের কেবল মা, বোন বা স্ত্রী হিসেবে নয়—সবার আগে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার: 





















