বিপিএলে অভিষেকটা মোটেও সুখকর হচ্ছে না নোয়াখালী এক্সপ্রেসের। টানা হারের বৃত্ত থেকে তো বের হতেই পারছে না, উল্টো গড়ল লজ্জার রেকর্ড। নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬১ রানেই অলআউট হয়েছে হায়দার আলীর দল। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ বল ও ৬ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে সিলেট টাইটানস।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিজাদুতে দিশেহারা হয়ে পড়ে নোয়াখালী। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাসুম। এটি তার বিপিএল ক্যারিয়ারের সেরা বোলিং তো বটেই, বিপিএলের ইতিহাসে যেকোনো স্পিনারের জন্যও এটি সেরা বোলিং ফিগার।
নোয়াখালীর হয়ে একমাত্র মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) এবং হাবিবুর রহমান সোহান (১৮) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে মাত্র ৬১ রানেই থামে তাদের ইনিংস। এটি এবারের আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
জবাবে ৬২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ১ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে তৌফিক খান ও জাকির হাসান দলের জয় সহজ করে দেন। তৌফিক ৩২ এবং জাকির ২৪ রান করে আউট হন। আফিফ হোসেন ২ রান করে ফিরলেও অধিনায়ক মঈন আলী (১*) ও আজমতউল্লাহ ওমরজাই (০*) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এই জয়ের মাধ্যমে হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরল সিলেট টাইটানস। অন্যদিকে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
ক্রীড়া ডেস্ক 

























