রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকচাপায় ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) কোম্পানির এক কর্মী ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটের দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড়, নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান (২৫) বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মো. রিয়াজউদ্দিনের ছেলে। তিনি বিএটি কোম্পানিতে ভ্যানচালক হিসেবে এএসআর (ASR) পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং একই কোম্পানিতে এসআর (SR) পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদি হাসান ও আব্দুর রাজ্জাক পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড়, নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার: 





















