মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের কালীবাড়ি এলাকায় স্টেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার বিকাশ সরকারের ছেলে অটো ভ্যানচালক বিপ্লব সরকার (৩০) এবং একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাজন্দি গ্রামের আতার শেখের ছেলে হারুন শেখ, তিনি বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যান চালককে পাওয়া যায়নি। তবে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।” কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো ম ১১-৭৪৬১।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে অটো ভ্যানটির তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনায় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ব্যুরো চীফ মাদারীপুর 






















