ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা সাময়িকভাবে স্থগিত করেছেন সহকারী কমিশনার (ভূমি)। বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে এই ঘটনা ঘটে। তবে কাজ বন্ধের নির্দেশ অমান্য করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই নির্মাণ কাজ চালানো এবং ছবি তোলার কারণে একজন সাংবাদিককে গালিগালাজসহ প্রকাশ্যে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছে দখলকারীর ছেলে।
ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে কাজ স্থগিত
জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে সরকারি খাল ভরাট করে পাকা দালান নির্মাণ করছিলেন নিরব সওদাগর নামে এক ব্যক্তি। মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে জমির সঠিক পরিমাপের জন্য ভূমি অফিসের সার্ভেয়ারকে নির্দেশ দেন তিনি।
এসময় জাতীয় দৈনিক ইনকিলাব–এর বোরহানউদ্দিন প্রতিনিধি হাছনাইন ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করার পর দখলদারের ছেলে মিজান তাকে গালিগালাজ করেন এবং প্রকাশ্যে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। সরকারি কর্মকর্তার নির্দেশ অমান্য এবং একজন পেশাদার সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হুমকিদাতা মিজান তার বাবার নির্মাণাধীন স্থাপনার পক্ষে দাবি করে বলেন, “এই জমি আমাদের মালিকানাভুক্ত। আশপাশে আমাদের কিছু শত্রু রয়েছে, তারা ম্যাজিস্ট্রেটকে ভুল তথ্য দিয়ে আমাদের ঘর তুলতে বাধা দিচ্ছে।”
রিয়াজ ফরাজী (ভোলা) 





















