রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার ১৪/১১/২০২৫ বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. হাসমত আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদ আহম্মেদ এবং পৌর জামায়াতের আমীর ডা. হামিদুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার “গণভোটের নামে শুভঙ্করের ফাঁকির আয়োজন” করছে। তাদের দাবি—গণভোট নিয়ে সরকারের পরিকল্পনার মধ্যে ষড়যন্ত্র রয়েছে। বক্তারা বলেন, যদি কোনো কারণে নির্বাচন বন্ধ হয়, তাহলে গণভোটের ভবিষ্যৎ কী? তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের জোর দাবি জানান তারা।
এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশসহ পাঁচ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 





















