মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় শাবল ও রামদা নিয়ে এক কলেজ শিক্ষকের ওপর হামলা চালিয়েছে একদল মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে মাদক ব্যবসায়ীদের আখড়া ও দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় মুক্তাগাছা থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আহত শিক্ষকের নাম আল আমিন। তিনি বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক এবং মুক্তাগাছার সেকান্দর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাতে ওই এলাকায় মাদকব্যবসায়ীরা এক ব্যক্তিকে মারধর করলে শিক্ষক আল আমিনসহ কয়েকজন যুবক ওই ঘটনার প্রতিবাদ করেন এবং এলাকায় মাদক বন্ধের আহ্বান জানান। এর জের ধরে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে রায়হান (২৮) ও তার শ্যালক পরাগ (২৮) ভুক্তভোগী ওই শিক্ষকের পথরোধ করে তার ওপর হামলা চালায়। তারা লোহার পাইপ, শাবল ও রামদা দিয়ে শিক্ষক আল আমিনকে বেধড়ক মারধর ও জখম করে। এতে তার ডান হাত ও বাম পা ভেঙে যায় এবং বাম হাতের আঙুল থেঁতলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল হাই, পরাগ ও রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কেউ বাধা দিলে হামলার শিকার হন। এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী ফেরদৌস হক হীরা বলেন, ‘প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় মাদকব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ময়মনসিংহ প্রতিনিধি 























