ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজেপির নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের নতুন বাজারের জেলা বিজেপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এরআগে, রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বিজেপি ও বিএনপি। পরে সকালে বিজেপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরের বাংলাস্কুল মোড়, বরিশাল দালান প্রদক্ষিন শেষে নতুন বাজারে তাদের কার্যালয়ে এসে আলোচনা সভা করে। আলোচনা সভা চলাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা বিজেপির কার্যালয়ের সামনে অতর্কিত হামলা চালায়।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ জানান, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপির লোকজন বোমা মেরে অতর্কিত হামলা করেছে। আমাদের পার্টি অফিস ভাংচুর করেছে। আমাদের নেতাকর্মীদের মেরে আহত করেছে।’
অপর দিকে বিএনপির পক্ষ থেকে এখন পযন্ত দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, বিজেপির বেশ কিছু নেতা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিরপূর্ণ মন্তব্য করেছে। যার পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, নৌবাহিনী ও ডিবি পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ফের দু’পক্ষের মধ্য সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
রিয়াজ ফরাজী (ভোলা) 























