বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগর থেকে একটানে ধরা পড়া ৬ টন ইলিশ নিলামে বিক্রি হয়েছে ৪০ লাখ ৫০ হাজার টাকায়। ৩১ অক্টোবর শুক্রবার সকালে এসব মাছ বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য আনা হলে ডাকের মাধ্যমে বিক্রি হয়।
জানা গেছে, ২৯ অক্টোবর এফবি সাফওয়ান-৩ নামের একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে ফিশিংয়ে যায়। কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে জাল ফেলতেই ইলিশের ঝাঁকে জাল ভরে ওঠে। ট্রলারের তিনটি কল পুরোপুরি পূর্ণ হয়ে যাওয়ায় অতিরিক্ত মাছসহ জাল কেটেই ফিরতে হয়েছে তাদের। ট্রলারের মাঝি রুবেল বলেন, “বিকেলে জাল ফেলার পর টান দিতে গিয়ে দেখি ইলিশ আর ইলিশ। এত মাছ আগে কখনো পাইনি।”
ট্রলারের মালিক মানিক মিয়া জানান, দীর্ঘদিন সাগরে পর্যাপ্ত মাছ না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছিল। এবার বিক্রি হওয়া মাছের টাকায় কিছুটা ক্ষতি পোষাতে পারবেন তারা। সাইফ ফিশ নামের আড়তের আড়তদার মোস্তফা আলম বলেন, “সাগরে ট্রলিং বন্ধ থাকায় প্রজনন মৌসুমে ইলিশ বেড়েছে। এর সুফলই পাচ্ছেন জেলেরা।”
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২২ দিনের অবরোধের পর প্রথম ট্রিপেই এভাবে ইলিশ পাওয়া আনন্দের খবর। দীর্ঘদিন পরে বিএফডিসিতে এত ইলিশ আসায় সবাই খুশি।” পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, “জেলেরা সঠিকভাবে অবরোধ মানায় সমুদ্রে ইলিশের পরিমাণ বেড়েছে। আশা করছি, সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে।”
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার, বরগুনা 























