ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে এমন গুজবে দিনভর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্রোকার হাউজে ছড়িয়ে পড়া গুজবে এদিন শেয়ার বিক্রির চাপে পড়ে পুঁজিবাজার। এমন অবস্থায় ৩০৪টি কোম্পানির মধ্যে ১৬২টি কোম্পানির শেয়ারে কোনো ক্রেতাই ছিল না।
ফলে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।
সোমবার দিনের লেনদেনের শুরুতে পুঁজিবাজারে ছড়িয়ে পড়ে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। ফ্লোর প্রাইস তুলে ২ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এই গুজবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। তারা শেয়ার বিক্রি করতে শুরু করেন। শুরু হয় সূচক পতন, যা অব্যাহত ছিল দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি ভিত্তিহীন। বাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুজব ছড়িয়েছে আজ ফ্লোর প্রাইস নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। অথচ বিষয়টি আমাদের কমিশনই জানে না। আমাদের এমন কোনো বিষয় নেই। যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো গুজবে যেন বিনিয়োগকারীরা কান না দেয় সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩০৪টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ২৭৩টি শেয়ার কেনাবেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা।
আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৭২টির, আর অপরিবর্তিত ছিল ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল নাভানা ফার্মার শেয়ার।
এরপরের অবস্থানে ছিল- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমরা নেটওয়ার্ক, পদ্মা ইসলামী লাইফ এবং সামিট অ্যালায়েন্স লিমিটেডের শেয়ার।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ টাকা।
এ বাজারে লেনদেন হওয়া ১২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৫১টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের দাম।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























